ইতালির উগ্র জাতীয়তাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও সালবিনি ঘোষণা করেছেন, তাদের সরকারের অন্যতম অগ্রাধিকার হবে ‘তাদের বাড়ি পাঠানো’। এর মধ্য দিয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন অনথিভুক্ত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর যে নির্বাচনি প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন তা বাস্তবায়ন করবেন।
কয়েক সপ্তাহের রাজনৈতিক অস্থিতিশীলতার পর ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা জোট সরকারকে অনুমোদন দেওয়ার পরপরই সালভিনি জানালেন, ইতালি অনথিভুক্ত অভিবাসীদের বিষয়ে কঠোর হবে।
রেডিও উপস্থাপক থেকে রাজনীতিতে আসা সালভিনি বলেন, ইতালির দরজা ভালো মানুষদের জন্য উন্মুক্ত। আর যারা ইতালিতে আসে গোলমাল করার জন্য এবং ভাবে তাদের দায়িত্ব নেওয়া হবে তাদের জন্য শুধু ফেরার সুযোগ থাকবে। তাদের বাড়ি পাঠাও আমাদের অন্যতম অগ্রাধিকার হবে।
পালমারো বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক আশ্রয় বিষয়ক আইন বিশেষজ্ঞ ফুলভিও ভাসালো বলেন, আমার আশঙ্কা যে ইতালির অভ্যর্থনা কেন্দ্রগুলো ছোট আকারের ক্যালাইস জঙ্গলে পরিণত হবে। এতে করে জনগণের কাছ থেকে অভিবাসীদের দূরে রাখা হবে।
অভিবাসী বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ থাকলেও এই নীতি বাস্তবায়ন করা ইতালির জন্য সহজ না। কারণ ব্যয় সাপেক্ষ প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও আইন নেই দেশটিতে। সূত্র: গার্ডিয়ান।