যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুশ সীমান্তে জীবাণু অস্ত্র গবেষণার অভিযোগ

জীবাণু গবেষণাগার চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছে রাশিয়া। দেশটির প্রতিবেশী জর্জিয়াতে কেন যুক্তরাষ্ট্র এমন গবেষণাগার চালাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির শীর্ষস্থানীয় রাজনৈতিক ও সামরিক নেতারা। তাদের দাবি, সংশ্লিষ্ট গবেষণাগারে সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রামসফেল্ডের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান গবেষণা চালাতে গিয়ে ৭০ জনের মৃত্যু ঘটিয়েছে।  জার্মানভিত্তিক রেডিও চ্যানেল ডয়েচে ভেল জানিয়েছে, যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে সিরিয়ায় আসাদ বাহিনীর সঙ্গে সম্পর্ক রাখা, ক্রাইমিয়া দখল করা, হ্যাকিংয়ে যুক্ত থাকাসহ বিভিন্ন অভিযোগের কথা স্মরণ করিয়ে দিয়ে রুশ অভিযোগকে দৃষ্টি অন্যদিকে সরাতে চাওয়ার অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছে।45756841_403

গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাশিয়ার পারমাণবিক, জীবাণু ও রাসায়নিক অস্ত্র প্রতিরোধী বাহিনীর প্রধান মেজর জেনারেল ইগোর কিরিলভ রুশ বার্তা সংস্থা তাসকে বলেছেন, যুক্তরাষ্ট্র প্রতিবেশী জর্জিয়ার ‘রিচার্ড লুগার পাবলিক হেলথ রিসার্চ সেন্টারে’ গোপন গবেষণা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র সেখানে এমন কিছু যুদ্ধাস্ত্র তৈরি করেছে যেগুলো দিয়ে রাসায়নিক ও জীবাণু হামলা করা সম্ভব। এসব অস্ত্র উৎপাদনের খরচ খুব কম এবং ব্যবহারের জন্য সরাসরি শত্রুর মুখোমুখি হতে হয় না। যুক্তরাষ্ট্র এমন ক্যাপসুল বানাতে চায় যার ভেতর রেডিওঅ্যাকটিভ পদার্থ বা ছোঁয়াচে রোগের প্যাথোজেন ভরে ছড়িয়ে দেওয়া যায়।

তার ভাষ্য, ‘যুক্তরাষ্ট্রের তৈরি নতুন এসব অস্ত্র কনভেনশনাল অস্ত্রের মধ্যে পড়ে না। স্বাভাবিকভাবেই এগুলো জীবাণু অস্ত্রের বিষয়ে থাকা আন্তর্জাতিক রীতি বিরুদ্ধ। আমরা এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও জর্জিয়ার কাছ থেকে স্পষ্ট উত্তর চাই।’ কিরিলভ তাসকে আরও বলেছেন, ওই গবেষণাগারের একটি পরীক্ষায় যাদেরকে  মার্কিন প্রতিষ্ঠানের তৈরি সোভাল্ডি নামক ওষুধ দেওয়া হয়েছিল তাদের ৭৩ জন মারা গেছে। ওষুধ তৈরির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানটির নাম ‘জিলিড সায়েন্স।’ সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড ওই প্রতিষ্ঠানের একজন শেয়ার হোল্ডার। সোভাল্ডির মতো ওষুধ রাশিয়াও তৈরি করেছে। কিন্তু তার পরীক্ষায় একজনও মারা যায়নি। যুক্তরাষ্ট্র ওষুধ পরীক্ষার নামে গোপন অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে বলেই এত লোক মারা গেছে। প্রাদুর্ভাবের সময় খুব ছোঁয়াচে রোগের ক্লিনিকেও এতো লোক মারা যায় না।

রুশ সংসদ ডুমার নিম্ন কক্ষের প্রতিরক্ষা বিষয়ক কমিটির প্রধান ভ্লাদিমির শামানোভ বলেছেন, জর্জিয়ায় মার্কিন জীবাণু অস্ত্রের পরীক্ষার বিষয়ে প্রয়োজনীয় সব রাজনৈতিক ও সামরিক পদক্ষেপ নেবে রাশিয়া। তার ভাষ্য, ‘নিরাপত্তা লঙ্ঘিত হতে পারে এমন কিছু দক্ষিণ সীমান্তে হতে থাকবে আর আমরা চোখ বুজে থাকব তা হতে পারে না।’

রাশিয়ার অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এরিক পাহোন ডয়েচে ভেলকে বলেছেন, ‘রাশিয়ার এমন অভিযোগ অবিশ্বাস্য। বিভিন্ন ঘটনায় অনাকাঙ্ক্ষিত আচরণ করা রাশিয়া দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে।’ তিনি এ সময় সিরিয়া, ক্রাইমিয়া ও বিশ্বব্যাপী হ্যাকিংয়ের ঘটনায় রাশিয়ার জড়িত থাকার অভিযোগের কথা স্মরণ করিয়ে দেন। তার দাবি, লুগার সেন্টার একটি স্বাস্থ্য কেন্দ্র মাত্র। আর তার মালিকানাও যুক্তরাষ্ট্রের নয়।