ইতালিয়ান মাফিয়া গডফাদার সেতিমো গ্রেফতার

ইতালিয়ান মাফিয়ার গডফাদার সেতিমো মিনিয়োকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার সিসিলিতে এক অভিযানে ৪৫জন সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_104608100_mafiacaponewafp

মঙ্গলবার ভোরে পরিচালিত এই অভিযানে ৮০ বছরের জুয়েলারি ব্যবসায়ী সেতিমোকে গ্রেফতার করা হয়। ধারণা করা হয়, এই বছর মে মাসে তাকে গডফাদার হিসেবে নির্বাচন করা হয়। মাফিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজি, আগ্নেয়াস্ত্র আইন লঙ্ঘন, অগ্নিসংযোগসহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে।

সিসিলিয়ান মাফিয়া বা কোসা নস্ট্রা নিজেদের নেতৃত্ব পুনর্গঠনে কাজ করছে বলে ইতালির স্থানীয় সংবাদমাধ্যমে খবরে বলা হয়েছে। কাপোলা নামে পরিচিত মাফিয়া নেতৃত্ব গত এক বছর বৈঠক করেনি।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও সালভিনি পুলিশের এই অভিযানকে অভিনন্দন জানিয়েছেন।

গত কয়েক বছর ধরে কোসা নস্ট্রার বিরুদ্ধে পুলিশ কঠোর অভিযান পরিচালনা করছে। আগের গডফাদার টটো রিনা কারাগারে মারা গেলে মাফিয়া নতুন গডফাদার নির্বাচন করে নেতৃত্ব পুনর্গঠন করার চেষ্টা করছিল।

টটো রিনা তার নৃশংসতার জন্য কুখ্যাত ছিলেন। ১৯৯২ সালে ইতালির দুই শীর্ষ প্রসিকিউটর জিওভান্নি ফ্যালকন ও পাওলো বোরসেলিনো  মাফিয়ার বোমা হামলায় নিহত হয়েছিলেন। এই ঘটনার ছয় মাস পর টটো রিনাকে গ্রেফতার করা হয়েছিল।

ইতালির সংবাদমাধ্যমের খবর অনুসারে, প্রসিকিউটর ফ্যালকনের নির্দেশে সেতিমোকে ১৯৮৪ সালে গ্রেফতার করা হয়েছিল। ওই সময় তার পাঁচ বছর কারাদণ্ড হয়। পরে ২০০৬ সালে আবারও তিনি গ্রেফতার হন এবং ১১ বছর জেলে কাটান।