গ্রিসের উত্তরাঞ্চলে একটি রেফ্রিজারেটর ট্রাক থেকে ৪১ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। এই ঘটনায় ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে।
সম্প্রতি ব্রিটেনের সাসেক্সে একটি লরি থেকে ৩৯ মরদেহ উদ্ধার করা হয়। তারা অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করতে এই ভয়ঙ্কর পথ বেছে নিয়েছিলেন। নিহতদের সবাই ভিয়েতনামের নাগরিক বলে মনে করছে ব্রিটেন। আর শনিবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি লরিতে লুকিয়ে থাকা ৩১ পাকিস্তানি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। ফরাসি প্রসিকিউটররা জানিয়েছেন, শুক্রবার ইতালির সীমান্তবর্তী একটি সড়কে নিয়মিত তল্লাশির সময় তাদের উদ্ধার করা হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন’র প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় ওই লরির চালককে আটক করা হয়েছে। চালক নিজেও একজন পাকিস্তানি। উভয় ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার গ্রিসের ফ্রিজ ট্রাক থেকে ৪১ অভিবাসীকে জীবিত উদ্ধার করা হলো।
গ্রিস পুলিশ জানিয়েছে, উত্তর গ্রিসের জানথি শহরের একটি মহাসড়কে নিয়মিত তল্লাশির সময় ট্রাকে লুকিয়ে অভিবাসীদের উদ্ধার করা হয়। চালককে গ্রেফতার করা হয়েছে এবং অভিবাসীদের চিহ্নিত করতে কাছে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানায়, অভিবাসীরা আফগানিস্তানের নাগরিক হয়ে থাকতে পারে। বেশিরভাগের অবস্থা ভালো। সাতজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রেফ্রিজারেশন ব্যবস্থা চালু না থাকায় অভিবাসীদের কারও অবস্থার অবনতি হয়নি।