ইরানে বিমান বিধ্বস্তে নিহত ক্রুদের স্মরণ ইউক্রেনে

ইউক্রেনের বরিস্পিল বিমান বন্দরে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে ইরানের তেহরানে বিধ্বস্ত বিমানের নিহত ক্রুদের স্মরণ করা হয়েছে। বিমানবন্দরের বহির্গমন হলে এয়ারলাইন স্টাফ ক্রুদের প্রতিকৃতির সামনে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে তাদের স্মরণ করা হয়।

787


বুধবার ইরান থেকে কিয়েভের উদ্দেশ্যে উড্ডয়নের পর ইউক্রেন এয়ারলাইনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। এতে ১৭৬ আরোহীর সবাই নিহত হন। নিহতদের মধ্যে ইউক্রেনের পাঁচজন পুরুষ ও চার নারী ক্রু রয়েছেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনার প্রেক্ষাপটে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনার আগে তেহরান ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে হামলার সঙ্গে এ দুর্ঘটনা সম্পর্কিত কি না তা সম্পর্কে কোনো আলামত পাওয়া যায়নি।
নিহত ক্রুদের শ্রদ্ধা জানানোর জন্যে এয়ারলাইনের কর্মী ছাড়াও যাত্রী ও স্থানীয়সহ বেশ কিছু সংখ্যক মানুষ বহির্গমন হলে জড়ো হন।
আরটেম নামে ইউক্রেন আন্তর্জাতিক এয়ার লইন্সের এক পাইলট তার নিহত সহকর্মীদের প্রতিকৃতিতে গোলাপের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘আমি তাদের সবাইকেই চিনতাম।’ তিনি আরও বলেন, তেহরান যাত্রার আগে তাদের সবার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। তারা খুবই উদ্বিগ্ন এবং খুবই খারাপ বোধ করছিল।’
নিহতদের কাউকেই চিনেন না ৪০ বছর বয়সী ভাদিম নামে এক সাধারণ নাগরিকও ছিলেন শ্রদ্ধা জানাতে। তিনি বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক। নিহতদের অনেকেই ছিল কম বয়সী।’
ঝুড়ি ভর্তি ফুল নিয়ে আরও এক যুবককে সেখানে আসতে দেখা যায়, তিনি নিহত এক বিমান পরিচারলককে তার সাবেক ইংরেজি শিক্ষক বলে পরিচয় দেন। তিনি বলেন, ‘আমি প্রথমে তার নাম ও পরে তার ছবি দেখতে পেয়ে এখানে এসেছি। তিনি একজন অত্যন্ত ভালো শিক্ষক ছিলেন।’