ইতালিতে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) মোহাম্মদ ফিরোজ শেখ (২২) নামের যুবক মিলানের সানতারিতা হাসপাতালে মৃত্যুবরণ করেন।
জানা গেছে, ফিরোজ শেখ ইতালির মিলান শহরে লরেত্তো এলাকায় বাস করতেন। তার দেশের বাড়ি ফরিদপুরের নগরকান্দার লশকরদিয়া গ্রামে। দেশে তার স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রয়েছে।
মিলানের বাসিন্দা বাংলাদেশ ব্যবসায়ী লিটন জানান যে, শনিবার (১৮ এপ্রিল) সকালে প্রচণ্ড পেটব্যথা অনুভব করলে গ্যাসের ওষুধ সেবন করেন। এরপর আবার ব্যথা উঠলে অ্যাম্বুলেন্স করে তাকে সানতারিতা হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে রো হাসপাতালে আইসিইউতে রাখা হয়।
মিলান কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান খতিব মাওলানা জোনায়েদ সোবহান হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বলেন, আগামীকাল লাশটি হাসপাতাল থেকে পরিচিতজনদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।
ইতালির মিলান কনস্যুলেট জেনারেল ইকবাল আহমেদ জানান বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন এবং অফিসিয়াল ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।