বেলারুশে বিক্ষোভে জলকামান নিক্ষেপ, গ্রেফতার

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে বিক্ষোভ রবিবারও অব্যাহত ছিল। রাজধানী মিনস্কতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান নিক্ষেপ করেছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ায় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_114845309_063772611-1

৯ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতির অভিযোগ ওঠার পর লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে বেলারুশে জোরালো বিক্ষোভ শুরু হয়। প্রতি সপ্তাহেই সেখানকার বিভিন্ন শহরে জড়ো হয়ে বিক্ষোভ করছেন লাখ লাখ মানুষ। আগের সপ্তাহের বিক্ষোভের দিনগুলোতে বহু মানুষকে আটক করা হয়েছে।

নির্বাচনে কারচুপি এবং বিক্ষোভকারীদের ওপর অন্যায় বলপ্রয়োগের অভিযোগে লুকাশেঙ্কোসহ বেলারুশের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য ও কানাডা। রাশিয়া সমর্থিত বেলারুশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এটাই প্রথম কোনও শাস্তিমূলক পদক্ষেপ। 

রবিবার বিক্ষোভে রাজধানীতে কয়েক হাজার মানুষ জড়ো হন। অনলাইনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, মুখোশ পরা পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করছে।

পুলিশ বিক্ষোভকারীদের ওপ স্টান গ্রেনেড নিক্ষেপ করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

রাজনৈতিক বিক্ষোভে আটকের বিষয় পর্যবেক্ষণ করা ভিয়াসনা মানবাধিকার সংগঠন জানিয়েছে, রবিবার রাজধানীতেই অন্তত ৩৯ জনকে আটক করা হয়েছে। অন্যান্য শহরগুলোতেও অনেককে আটক করা হয়েছে।

স্থানীয় একটি নিউজ পোর্টালে বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপের কথা বলা হয়েছে। আটককৃতদের মধ্যে রুশ বার্তা সংস্থা তাস ও বেলারুশের বার্তা সংস্থা বেল্টার সাংবাদিক রয়েছেন।