শেষ রক্ষা হলো না ৬ মাসের অভিবাসী শিশুর

ভূমধ্যসাগর থেকে উদ্ধারের কয়েক ঘণ্টা পর মৃত্যু হয়েছে ছয় মাস বয়সী এক অভিবাসী শিশুর। বৃহস্পতিবার স্পেনের শরণার্থী উদ্ধারের দাতব্য সংস্থা ওপেন আর্মস এই তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

AP_20316689851945

ওপেন আর্মস বুধবার ভূমধ্যসাগরের লিবিয়ার জলসীমায় একটি রাবারের ডিঙি থেকে ১১১জন অভিবাসীকে উদ্ধার করে। এদের মধ্যে যোসেফ নামের এই শিশুও ছিল।  

উদ্ধার অভিযানের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, যোসেফের মা চিৎকার করে বলছেন, আমার ছেলে কোথায়? আমি ছেলেকে হারিয়ে ফেলেছি। আমার ছেলেকে খোঁজে দাও।

ওপেন আর্মস অভিযানে অন্তত ৫টি মরদেহ উদ্ধার করেছে। যোসেফের মৃত্যুতে মোট প্রাণহানি ৬ জনে দাঁড়িয়েছে।

বার্সেলোনার মেয়র আদা কলাউ টুইটারে লিখেছেন, সব জীবন মূল্যবান। এটি আমাদের সন্তান হতে পারত।

ওপেন আর্মসের এক নারী মুখপাত্র জানিয়েছেন, যোসেফের মা ও একজন অন্তঃসত্ত্বা নারীকে ইতালির কোস্ট গার্ড উদ্ধার করেছে এবং তাদের লাম্পেডুসা দ্বীপে নেওয়া হয়েছে।

ইতালির কোস্ট গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার হওয়াদের মধ্যে আরও তিনজনের জরুরি চিকিৎসা প্রয়োজন ছিল। এদের মধ্যে রয়েছে তিন মাসের একটি কন্যা, তার মা এবং জটিল হৃদরোগ জটিলতায় থাকা ২৫ বছরের এক যুবক। তাদেরকে হেলিকপ্টারে মাল্টা নেওয়া হয়েছে।