ভ্যাকসিন আইডি কার্ড উন্মোচন করলো যুক্তরাজ্য

ব্রিটেনে করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণকারীদের একটি আইডি কার্ড দেওয়া হবে। সোমবার এই কার্ডের ছবি প্রকাশ করা হয়েছে। এই কার্ড করোনা টিকা গ্রহণের প্রমাণ হিসেবে কাজ করবে। সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে সব সময় কার্ডটি সঙ্গে রাখার জন্য। তবে অনেকেই আশঙ্কা করছেন, ভ্যাকসিন আইডি কার্ডকে অনেকেই ইমিউনিটি পাসপোর্ট হিসেবে ব্যবহার করতে পারেন এবং এতে করে যারা এখনও টিকা গ্রহণ করেননি তারা বৈষম্যের শিকার হবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

2121

খবরে বলা হয়েছে, ভ্যাকসিন আইডি কার্ডের ছবি প্রকাশ করা হয়েছে। যারা ভ্যাকসিন গ্রহণ করবেন তাদেরকে এই কার্ড দেওয়া হবে।

কার্ডটিতে ভ্যাকসিনটির বিস্তারিত তথ্য, ব্যাচ নম্বর ও তা গ্রহণের তারিখ লেখা থাকবে। এতে দ্বিতীয় আরেকটি তারিখের স্থান রয়েছে। যে তারিখে ফাইজার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে।

খবরে উল্লেখ করা হয়েছে, কার্ডটি নেওয়া আবশ্যক কিনা এবং তা ইমিউনিটি পাসপোর্টের অংশ কিনা তা স্পষ্ট নয়।

যুক্তরাজ্যের কেবিনেট মন্ত্রি মাইকেল গোব জানিয়েছেন, ভ্যাকসিন পাসপোর্ট প্রণয়নের কোনও পরিকল্পনা সরকারের নেই।

তবে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী নাদিম জাহাউয়ি বলেছেন, দেশটির রেস্তোরাঁ ও বারে ক্রেতাদের কাছে ভ্যাকসিন গ্রহণের প্রমাণ চাইতে পারে।

আশঙ্কা করা হচ্ছে, প্রথম ধাপের ভ্যাকসিন কর্মসূচিতে অনেকেই বাদ পড়বেন। কারণ মাত্র ৮ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে যুক্তরাজ্য।