ইউরোপীয়ান ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক বলছে অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকায় ঝুঁকির চেয়ে সুবিধা বেশি। ফলে টিকাটি গ্রহণের পর রক্ত জমাট বাঁধার ঘটনার তদন্ত চললেও টিকাটি প্রয়োগ অব্যাহত রাখা হবে। ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) বলছে, অ্যাস্ট্রাজেনেকার টিকার কারণেই এই সমস্যা হয়েছে এমন কোনও ইঙ্গিত এখনও নেই। তারপরও এই উদ্বেগ খতিয়ে দেখা হচ্ছে।
ডেনমার্ক ও নরওয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাময়িক সময়ের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করেছে। ডেনমার্কে কয়েকজন ভ্যাকসিন গ্রহীতার রক্তে জমাট বাঁধা ও একজনের মৃত্যুর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও বেশ কয়েকটি দেশ একই পদক্ষেপ নিয়েছে।
এরপরই ইএমএ’র এক বিবৃতিতে বলা হয়েছে, রক্ত জমাট বাঁধার খবর মিললেও এখন পর্যন্ত এর সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার টিকার কোনও সম্পর্ক পাওয়া যায়নি। সে কারণে টিকাটির সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার তালিকায় রক্ত জমাট বাঁধার কথা উল্লেখ করা হয়নি।
তবে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে নেতিবাচক এই খবরের কারণে ইউরোপে টিকাটি গ্রহণে মানুষের আগ্রহের ওপর প্রভাব ফেলতে পারে। আর তা হলে ইউরোপে টিকাদান কর্মসূচি নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে।