অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করলো আয়ারল্যান্ড

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের প্রয়োগ সাময়িকভাবে স্থগিত করেছে আয়ারল্যান্ড। নরওয়েতে প্রাপ্ত বয়স্কদের গুরুতর রক্তে জমাট বাঁধার খবর প্রকাশের পর দেশটির ন্যাশনাল ইমিউনাইজেশন অ্যাডভাইজরি কমিটি (এনআইএসি) এই পরামর্শ দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

এক টুইট বার্তায় আয়ারল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী স্টিফেন ডনেলি জানান, এটি সতর্কতামূলক পদক্ষেপ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ভ্যাকসিন নেওয়ার সঙ্গে রক্তে জমা বাঁধার কোনও সম্পর্ক নেই এবং ভ্যাকসিন নিলে রক্তে জমাট বাঁধার ঝুঁকি বাড়ে না।

এর আগে গত সপ্তাহে ডেনমার্ক ও নরওয়ে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করে।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, রক্তে জমাট বাঁধার আশঙ্কায় ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করা উচিত হবে না বিভিন্ন দেশের। কারণ ভ্যাকসিন নেওয়ার ফলে এমনটি ঘটছে বলে সত্যতার ইঙ্গিত পাওয়া যায়নি।

আয়ারল্যান্ডে ১ লাখ ১০ হাজারের বেশি ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। যা দেশটির মোট ভ্যাকসিনের ২০ শতাংশ।

এর আগে রবিবার আয়ারল্যান্ডের উপ-প্রধান মেডিক্যাল কর্মকর্তা ড. রনান গ্লিন জানান, শনিবার রাতে নরওয়ের মেডিসিন্স এজেন্সির কাছ থেকে নতুন তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, এসব ঘটনায় অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিনের যোগসূত্র থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, তবু সতর্কতামূলক পদক্ষেপের নীতি হিসেবে এবং আরও তথ্য প্রাপ্তির জন্য আয়ারল্যান্ডে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের প্রয়োগ সাময়িক সময়ের জন্য স্থগিত করার পরামর্শ দেওয়া হয়েছে।