ফ্রান্সের ব্রিটানি অঞ্চলে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে। সোমবার (১৫ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসের শনাক্তকৃত ভ্যারিয়েন্টগুলোর মধ্যে যুক্তরাজ্য,দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ রয়েছে। কারণ এগুলো অনেক বেশি সংক্রামক।
কোভিড-১৯ প্রতিরোধে তৈরি হওয়া ভ্যাকসিনগুলো এসব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোও এ নিয়ে ব্যাপক গবেষণা চালাচ্ছে। এরমধ্যেই ফ্রান্সে নতুন বৈশিষ্ট্যের করোনা শনাক্ত হওয়ার খবর জানা গেলো।
সোমবার ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, লানিয়নে অবস্থিত একটি হাসপাতাল কেন্দ্রে বেশ কয়েকজন আক্রান্তের মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তবে এটি অপেক্ষাকৃত বেশি সংক্রামক কিংবা প্রাণঘাতী কিনা তা প্রাথমিক বিশ্লেষণে নিশ্চিত হওয়া যায়নি।