সংবাদমাধ্যমের বিরুদ্ধে বিদ্বেষ এবং করোনাভাইরাস নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ফ্রান্সের একটি আদালতে এই মামলা দায়ের করেছে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)।মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
নিজেদের পরিষেবা নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে আইনি লড়াই চালাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এরই মধ্যে তাদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করলো আরএসএফ। মামলায় অভিযোগ করা হয়েছে, ভ্যাকসিন ষড়যন্ত্র তত্ত্ব-সহ করোনাভাইরাস নিয়ে নানা ধরনের মিথ্যা তথ্য ছড়িয়েছে ফেসবুক। এছাড়া ফেসবুকের বিরুদ্ধে ফ্রান্সের ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি হেবদো, টেলিভিশন অনুষ্ঠান কুওটিডিয়েন এবং আঞ্চলিক সংবাদপত্র এল’ইউনিয়নকে নিয়ে অপমানজনক এবং হুমকিমূলক বহু পোস্ট করার অভিযোগ এনেছে আরএসএফ।
আরএসএফ’র এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশেষজ্ঞদের বিশ্লেষণ ব্যবহার করে, এবং ফেসবুকের সাবেক কর্মীদের ব্যক্তিগত মতামত এবং স্বাক্ষ্য থেকে দেখা গেছে এটি (ফেসবুক) বিদ্বেষমূলক বক্তব্য এবং ভূয়া তথ্য ছড়ানোর সুযোগ দেয়... যা ফেসবুকের পরিষেবা এবং বিজ্ঞাপন নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।’ সোমবার প্যারিসের পাবলিক প্রসিকিউটরের কাছে এই মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।
ওই মামলার বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ফেসবুক ফ্রান্স। তবে এক বিবৃতিতে তারা বলছে, ক্ষতিকর কনটেন্টের বিষয়ে তাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। বিদ্বেষমূলক বক্তব্য এবং ভুয়া তথ্যের মোকাবিলা করা অব্যাহত রাখার কথাও বলেছে তারা।