ফ্রান্সে পুলিশ স্টেশনে ছুরিকাঘাতে নারী কর্মী নিহত

ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাম্বাম্বুইয়েত এলাকার একটি পুলিশ স্টেশনে ছুরিকাঘাতে এক নারী কর্মী নিহত হয়েছেন। শুক্রবারের হত্যাকাণ্ডটিকে ফরাসি পুলিশ সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ৪৮ বছরের অবিবাহিত ওই কর্মীর গলায় জখম করা হয়েছে। সন্দেহভাজন ৩৬ হামলাকারী গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে মারা গেছে। হামলাকারী কয়েক বছর আগে তিউনিসিয়া থেকে ফ্রান্স এসেছে বলে জানানো হয়েছে।

ছুরি হামলার ঘটনাটি শুক্রবার দুপুরে পুলিশ স্টেশনে নিরাপত্তা ঘেরা প্রবেশ পথে ঘটেছে। কর্মীরা বিরতির পর অফিসের ফেরার পথে এই হামলা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ স্টেশনের বাইরে হামলাকারীকে মোবাইল হাতে হাঁটতে দেখা গেছে। নিরাপত্তা দরজা দিয়ে নারী কর্মীরা প্রবেশের সময় সেও ঢুকে পড়ে। নারী কর্মীকে ছুরিকাঘাত করলে সহকর্মীরা হামলাকারীকে গুলি করে।

প্রসিকিউটর জানায়, যেভাবে হামলার ঘটনাটি ঘটেছে এবং হামলাকারী যে মন্তব্য করেছে তাতে এই ঘটনাটি সন্ত্রাসবাদী হামলা হিসেবে তদন্ত করা হচ্ছে।

প্রধানমন্ত্রী জিন কাস্টেক্স ও স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কাস্টেক্স এই ঘটনার নিন্দা জানিয়েছেন।

এর আগে ২০১৯ সালে প্যারিসে পুলিশ সদর দফতরে এক হামলায় তিন কর্মকর্তা নিহত হয়েছিলেন। হামলাকারী ছিল পুলিশের একজন কম্পিউটার অপারেটর।