করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর অভিযোগে স্পেনে গ্রেফতার ১

২২ জন ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর অভিযোগে স্পেনে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। করোনা উপসর্গ থাকা সত্ত্বেও অবাধে ঘোরাফেরা করায় তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্প্যানিশ পুলিশ শনিবার এক বিবৃতিতে জানায়, ৪০ বছর বয়সী ওই ব্যক্তির মধ্যে কয়েক দিন ধরেই করোনার উপসর্গ দেখা যাচ্ছিল। কিন্তু তিনি হোম অফিস করতে চাচ্ছিলেন না। কাশি এবং শরীরে ১০৪ ফারেনহাইটের বেশি তাপমাত্রা নিয়ে তার কাজ চালিয়ে যাচ্ছিলেন এবং জিমে যেতেন। অবশেষে একদিন সন্ধ্যায় পিসিআর টেস্টের জন্য নমুনা দিয়ে আসেন তিনি। রিপোর্ট হাতে না পেয়েই আবার তিনি কর্মস্থলে চলে যান, জিমেও যান। সহকর্মীরা তাকে বাসায় যেতে বললেও তিনি যাননি। উল্টো মাস্ক খুলে কাশি দিয়ে বলেন: ‘আমি আপনাদের সবাইকে করোনাভাইরাসে আক্রান্ত করব।’

পরে ওই ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনার লক্ষণ নিয়ে যাদের সংস্পর্শে এসেছিলেন তাদের মধ্যে অন্তত ২২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে পাঁচজন তার সহকর্মী, তিনজন জিমে অংশগ্রহণকারী। এ ছাড়া ওই ব্যক্তির পরিবারের সদস্যদের মধ্যে ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে এক বছর বয়সী তিন শিশু রয়েছে।

পুলিশ জানিয়েছে, আক্রান্তদের কারও অবস্থা গুরুতর নয়।