অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ইইউ'র আইনি পদক্ষেপ শুরু

ব্রিটিশ-সুইডিশ ফার্মা জায়ান্ট ও করোনা ভ্যাকসিন নির্মাতা অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। সোমবার ইউরোপীয় কমিশনের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক কমিশনার স্টেলা কিরিয়াকাইডস তথ্যটি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে কমিশনের এক মুখপাত্র জানান, শুক্রবার অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। সময়মতো ভ্যাকসিন সরবরাহ করার নির্ভরযোগ্য পরিকল্পনা না থাকার কারণে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভ্যাকসিন সরবরাহ নিয়ে ইইউ ও অ্যাস্ট্রাজেনেকা গত কয়েক মাস ধরে বিরোধে জড়িয়ে পড়েছে।

গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের জুনের মধ্যে ইউরোপীয় ইউনিয়নকে ৩০ কোটি ডোজ টিকা দেওয়ার চুক্তি করে অ্যাস্ট্রাজেনেকা। সে অনুযায়ী এপ্রিল-জুন কোয়ার্টারেই তাদের ১৮ কোটি ডোজ দেওয়ার কথা। তবে কোম্পানিটি জানায়, ইইউকে দেওয়া প্রতিশ্রুতির এক তৃতীয়াংশ টিকা সরবরাহ করা হবে।

চুক্তি অনুযায়ী টিকা না পাওয়ায় ইউরোপে টিকাদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করে আসছে ইইউ।