দুই ডোজ টিকা নিয়েও নরওয়েতে করোনায় আক্রান্ত ৪৫০

নরওয়েতে করোনাভাইরাসের টিকার পূর্ণাঙ্গ ডোজ নেওয়ার পরও অন্তত ৪৫০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। দেশটির ন্যাশনাল ইন্সটিটিউট অব পাবলিক হেলথ (এফএইচআই) এই তথ্য জানিয়েছে। রুশ সংবাদমাধ্যম স্পুটনিক নিউজের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

অ্যাসিস্ট্যান্ড হেলথ ডিরেক্টর এসপেন রস্ট্রুপ নাকস্টাড জানান, পূর্ণাঙ্গ টিকা নিয়ে করোনায় আক্রান্ত হওয়াদের মধ্যে ২৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এতে প্রমাণিত হয় যে, টিকা নেওয়ার ফলে করোনার সংক্রমণ গুরুতর হয়ে মৃত্যুর ঝুঁকি কম।

এফএইচআই’র প্রধান চিকিৎসক সারা ভিক্সমোয়েন ওয়াল্টে জানান, এই ৪৫০ জন মোট টিকা নেওয়া মানুষের শূন্য দশমিক শূন্য তিন (০.০৩) শতাংশ।

জাতীয় সম্প্রচার মাধ্যম এনআরকে-কে তিনি বলেন, পূর্ণাঙ্গ টিকা নেওয়ার মানুষের আক্রান্ত হওয়ার সংখ্যা খুব কম।

তবে নরওয়ের এই দুই কর্মকর্তা বলেছেন, করোনার সংক্রমণের বিরুদ্ধে টিকা শতভাগ সুরক্ষা দিচ্ছে না।

নাকস্টাড বলেন, এই পরিসংখ্যান নিশ্চিত করছে যে কোভিড-১৯ এর বিরুদ্ধে টিকা শতভাগ কার্যকর নয়। আমরা জানি যে, টিকা নেওয়া প্রতি দশজনের একজন ভাইরাসের সংস্পর্শে আসলে আক্রান্ত হবেন। সৌভাগ্যক্রমে খুব মানুষ গুরুতর অসুস্থ হচ্ছেন, বেশিরভাগ মানুষের ওপর টিকার ভালো প্রভাব থাকছে।

নরওয়েতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ১ লাখ ৩২ হাজার এবং মৃত্যু হয়েছে ৭৯৪ জন। ৫৩ লাখ জনসংখ্যার মাত্র ২৯.১ শতাংশকে টিকা দেওয়া হয়েছে।