২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে ইরান ও বিশ্বের পরাশক্তি দেশগুলো ভিয়েনায় যতদ্রুত সম্ভব আলোচনা পুনরায় শুরু করতে চায়। এজন্য তারা আলোচনার জন্য একটি তারিখ নির্ধারণের চেষ্টা করছে। শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।
ব্রাসেলসে আলোচনার পর ইরানের শীর্ষ আলোচক বলেছিলেন, নভেম্বরের শেষ দিকে ভিয়েনায় পুনরায় আলোচনা শুরু হতে পারে।
ইইউ মুখপাত্র পিটার স্টানো বলেছেন, ব্রাসেলসের আলোচনা ছিল কাজের এবং ভিয়েনায় আলোচনা পুনরায় শুরু করার পথ দেখাতে সহযোগিতা করেছে।
নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, ইরানসহ চুক্তির অন্যান্য অংশীদারদের সঙ্গে যতদ্রুত সম্ভব ভিয়েনায় আলোচনার দিন নির্ধারণের চেষ্টা করছি।
তিন বছর আগে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর এককভাবে নিষেধাজ্ঞা আরোপ করে। চুক্তিটি ফের সক্রিয় করতে গত এপ্রিলে আলোচনা শুরু হয়। কিন্তু জুনে ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নির্বাচিত হওয়ার পর আলোচনা স্থগিত হয়ে যায়। তেহরানে নতুন প্রশাসন দায়িত্ব নিয়ে আলোচনা এগিয়ে নেবে বলে তখন জানায় ইরান। সূত্র: রয়টার্স