ম্যাক্রোঁর অভিযোগের জবাব দিলেন মরিসন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর তোলা মিথ্যাচারের অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেছেন, অস্ট্রেলিয়ার মর্যাদা নিয়ে কোনও কটুক্তি মেনে নেবেন না তিনি।

পরিত্যক্ত হয়ে যাওয়া নয় হাজার কোটি ডলারের একটি সাবমেরিন চুক্তি নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন মিথ্যা বলেছেন, এমন অভিযোগ তুলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রোমে জি২০ সম্মেলনের পাশাপাশি অস্টেলীয় সাংবাদিকদের তাৎক্ষণিক প্রশ্নের জবাবে এই অভিযোগ তোলেন তিনি।

যুক্তরাজ্যের গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ২৬ এ যোগ দিয়ে ওই অভিযোগের জবাব দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি দাবি করেন ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে যতটা সম্ভব ততটাই স্বচ্ছ থেকেছেন। তিনি ইমানুয়েল ম্যাক্রোঁকে জানিয়ে দেন ডিজেল চালিত সাবমেরিন অস্ট্রেলিয়ার সক্ষমতার প্রয়োজন মেটাবে না। মরিসন বলেন, ম্যাক্রোঁর অভিযোগ ব্যক্তিগতভাবে খণ্ডন করতে চান না তিনি।

স্কট মরিসন বলেন, ‘আমার কাঁধ চওড়া, আমি সেগুলো মেনে নিতে পারবো। কিন্তু অস্ট্রেলিয়াকে নিয়ে করা কটূক্তি মেনে নেবো না আমি অস্ট্রেলিয়াবাসীর পক্ষে সেগুলো মানবো না।’ তিনি বলেন, ‘মানুষ আমাকে যা কিছু ছুঁড়ে মারুক তা সামলে নিতে পারি। কিন্তু যখন প্রতিরক্ষা সক্ষমতার প্রশ্ন আসে তখন অস্ট্রেলিয়ার গৌরবের রেকর্ড রয়েছে।’