ইউরোপের দেশ বুলগেরিয়ায় চলন্ত বাসে অগ্নিকাণ্ডে অন্তত ৪৫ জন নিহত হয়েছে। এর মধ্যে ১২টি শিশুও রয়েছে। দগ্ধ আরও সাত যাত্রীকে রাজধানী সোফিয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। ২৩ নভেম্বর মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
স্থানীয় সময় রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বুলগেরিয়ার অগ্নি নিরাপত্তা দফতরের প্রধান নিকোলাই নিকোলভ। অগ্নিকাণ্ডের পর ওই এলাকায় যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
দুর্ঘটনার শিকার বাসটির নাম্বার প্লেট নর্থ মেসিডোনিয়ার বলে জানা গেছে। সোফিয়াতে অবস্থিত দেশটির একজন কূটনীতিক জানিয়েছেন, ওই অগ্নিকাণ্ডে নিহতদের বেশিরভাগই তার দেশের নাগরিক।
বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৪৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আরও সাত জনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বয়কো রাশকভ বলেন, মৃতদেহগুলো পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ভয়ঙ্কর ঘট্না। এমন দৃশ্য আগে কখনও দেখিনি।’
বুলগেরিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে বাসটিতে আগুন ধরার আগে বা পরে সেটি একটি হাইওয়ে ব্যারিয়ারে আঘাত করেছিল বলে প্রতীয়মান হচ্ছে।