ইউক্রেন ইস্যুতে বসছেন ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা

ইউক্রেন ইস্যুতে আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। মঙ্গলবার এই জোটের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি নিউজ।

ন্যাটোর এক ঘোষণায় বলা হয়েছে, ইউক্রেন পরিস্থিতি এবং রাশিয়ার সঙ্গে জোটের আসন্ন বৈঠকের বিষয়টি পর্যালোচনা করতে এ সপ্তাহে ভার্চুয়াল বৈঠকে মিলিত হবেন ন্যাটোর ৩০টি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

ইউক্রেন ইস্যুতে আগামী ১২ জানুয়ারি রাশিয়ার সঙ্গে ন্যাটোর বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠককে সামনে রেখেই শুক্রবার জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইউক্রেন ইস্যুতে আগামী ১০ জানুয়ারি ওয়াশিংটনের সঙ্গেও আলোচনায় বসবে মস্কো। এছাড়া ১৩ ডিসেম্বর ন্যাটো, মস্কো, ওয়াশিংটন এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ পশ্চিমাদের সঙ্গে তার দেশের আসন্ন এই সিরিজ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তার প্রত্যাশা, এসব আলোচনা এমন একটি প্রক্রিয়া শুরু করবে যা মস্কোকে পশ্চিমাদের কাছ থেকে নতুন নিরাপত্তা গ্যারান্টি দেবে।

এই ধরনের গ্যারান্টির বিষয়টি মস্কোর দীর্ঘদিনের দাবি। তবে সম্প্রতি ইউক্রেন সীমান্তে রাশিয়ার হাজার হাজার সেনা মোতায়েনের ঘটনা পশ্চিমা দুনিয়াকে উদ্বিগ্ন করে তোলে। এ ঘটনায় নিরাপত্তা গ্যারান্টির বিষয়টি নতুন করে সামনে আসে।