সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার রাজ দরবারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তিনি মৃদু উপসর্গে ভুগছেন। সুইডিশ রাজসিংহাসনের এই উত্তরাধিকারী আগেই পূর্ণ ডোজ গ্রহণ করেছেন বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।
কয়েক দিন আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজকন্যা ভিক্টোরিয়ার বাবা-মা। সুইডেনে করোনাভাইরাস সংক্রমণের চতুর্থ ঢেউয়ের মধ্যে আক্রান্ত হয়েছেন দেশটির রাজা ও রানি। অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে সুইডেনে প্রায় প্রতিদিনই রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন।
রাজ দরবারের বিবৃতিতে জানানো হয়েছে ৪৪ বছরের রাজকন্যা এর আগেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তিনি বাড়িতেই আইসোলেশনে এবং পরিবারের সঙ্গে রয়েছেন।
ওই বিবৃতিতে বলা হয়, ‘টিকার পূর্ণ ডোজ নেওয়া রাজকন্যা ঠাণ্ডার উপসর্গে ভুগছেন এছাড়া তিনি ভালোই আছেন। তার সংস্পর্শে আসা মানুষদের শনাক্ত করা হচ্ছে।’
সুইডেনে করোনা সংক্রমণ এবং হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়লেও স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ এখনও তৃতীয় ঢেউয়ের চেয়ে কম রয়েছে। মৃত্যুর পরিমাণও তুলনামূলকভাবে কম রয়েছে।
সূত্র: রয়টার্স