বাইডেনকে শিগগিরই ইউক্রেন সফরের আমন্ত্রণ জেলেনস্কির

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে শিগগিরই ইউক্রেন সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে আসন্ন সংঘাত মোকাবিলায় করণীয় নিয়ে রবিবার বাইডেনের সঙ্গে ফোনালাপ হয় ইউক্রেনের প্রেসিডেন্টের। তখনই বাইডেনকে যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন সফরের আমন্ত্রণ জানান। বিষয়টি নিশ্চিত করেছে জেলেনস্কির প্রেসিডেন্ট কার্যালয়।

জেলেনস্কি বাইডেনকে বলেন, আমি নিশ্চিত যে আগামী দিনে আপনি কিয়েভে সফর করবেন। যা পরিস্থিতি স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার আগমনে তাৎপর্যপূর্ণ বার্তা দেবে। তবে, ইউক্রেনের প্রেসিডেন্টের আমন্ত্রণ নিয়ে মন্তব্য করেনি হোয়াইট হাউজ।

আসন্ন সংঘাত নিয়ে হতাশা ব্যক্ত করে জেলেনস্কি বাইডেনকে ফোনে বলেন, এই ধরনের পরিস্থিতি ইউক্রেনের অর্থনীতি ও জাতীয় মুদ্রার উপর প্রভাব পড়ছে।

ইউক্রেন সীমান্তে দেড় লক্ষাধিক রুশ সেনা মোতায়েনের পর থেকেই পূর্ব ইউরোপে চরম উত্তেজনা বিরাজ করছে। পশ্চিমা দেশগুলো সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, ছোট একটা নোটিশেই রাশিয়া যেকোনও সময় ইউক্রেনে আক্রমণ করতে পারে। ফলে ভয়াবহ সংকট সৃষ্টি হবে ওই অঞ্চলে। তবে হামলার বিষয়টি নাকচ করে আসছে মস্কো।

সূত্র: রয়টার্স।