ডেনমার্কে অভিবাসীদের সম্পদ জব্দে বিতর্কিত আইন পাস

nonameসিরিয়াসহ মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকা থেকে ইউরোপে হাজার হাজার অভিবাসী আসার প্রেক্ষাপটে শরণার্থীদের ঠেকাতে এক বিতর্কিত পরিকল্পনা পাস করেছে ডেনমার্ক। এ পরিকল্পনায় অভিবাসীদের মূল্যবান ব্যক্তিগত সম্পদ জব্দ করার  ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে।

মঙ্গলবার দেশটির সংসদে ৮১-২৭ ভোটে পরিকল্পনাটি পাস হয়। সংসদে এ নিয়ে আলোচনায় বেশ উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। দেশটির স্যোশাল ডেমোক্র্যাটরা পরিকল্পনার পক্ষে ভোট দেন।

এ পরিকল্পনায় বলা হয়েছে, শরণার্থীরা দেড় হাজার ডলারের বেশি মূল্যের সম্পদ রাখতে পারবে না। এ মূল্যের বাইরে যেসব সম্পদ থাকবে তা জব্দ করবে দেশটির সরকার। তবে বিয়ের আংটির মতো যেসব জিনিসের সঙ্গে স্মৃতি বা আবেগ জড়িত, তা এর আওতার বাইরে থাকবে।

ডেনমার্কের দাবি, এ পরিকল্পনা দেশটির জনকল্যাণ আইনের সঙ্গে সঙ্গতি রেখেই করা হয়েছে। ডেনমার্কে সামাজিক কল্যাণ ভাতা পেতে হলে দেড় হাজার ডলারের বেশি মূল্যের সম্পদ বিক্রি করে দিতে হয়।

পরিকল্পনার বিরোধিতাকারীরা এটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইহুদিদের কাছ থেকে মূল্যবান সম্পদ জব্দ করার সঙ্গে তুলনা করেছেন।

চলতি বছরে ডেনমার্ক ২০ হাজার শরণার্থী আসবে আশঙ্কা করছে। গত বছর এ সংখ্যা ছিল ১৫ হাজার।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ও ইউরোপীয় কমিশন এ পরিকল্পনার সমালোচনা করেছে।

শুধু ডেনমার্ক নয় এর আগে সুইজারল্যান্ডও অভিবাসীদের সম্পদ জব্দকরণের আইন পাস করে। গত বছর ১০০ জন শরণার্থীর সম্পদ জব্দ করার জন্য চলতি মাসেই সমালোচনার মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড। দেশটির আইন অনুসারে ১ হাজার ডলারের বেশি সম্পদ সরকারকে দিয়ে দিতে হবে। সূত্র: বিবিসি।

/এএ/