সংঘাতকবলিত পূর্ব ইউক্রেনে বসবাসরত দুই গ্রিক নাগরিক নিহত হয়েছে। গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গ্রিক পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় আরও দুই জন গুরুতর আহত হয়েছেন। এ হতাহতের ঘটনার সঙ্গে ইউক্রেনের সরকারি সেনারা জড়িত রয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চার গ্রিক নাগরিকের হতাহত হওয়ার ঘটনার জন্য তিন ইউক্রেনীয় সেনা দায়ী।
হরানিত্নে নামের যে গ্রামে এ ঘটনা ঘটেছে সেটি রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী বাহিনীর সঙ্গে ‘লাইন অব কন্টাক্টের’ কাছাকাছি এলাকায় অবস্থিত।
এথেন্স জানিয়েছে, ‘তুচ্ছ কারণে’ গ্রিক ও ইউক্রেনীয় সেনাদের বিবাদের পর সহিংসতার সূত্রপাত ঘটে। তবে অঞ্চলে ওই গ্রিক নাগরিকরা কী করছিল সেটি জানা যায়নি।
গ্রিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই অঞ্চলে চলমান সংঘাতের সঙ্গে এ ঘটনার কোনও সম্পর্ক নেই।