ইউক্রেন সীমান্ত থেকে কিছু সামরিক ইউনিট সরিয়ে নেওয়ার ঘোষণা দিলেও বাস্তবে সেখানে এখনও সেনাসমাবেশ করছে রাশিয়া। নতুন করে সামরিক বাহিনীর আরও সদস্যদের সেখানে পাঠানো হচ্ছে। বুধবার এমন অভিযোগ করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেন, ‘আমরা রুশ বাহিনীর কোনও প্রত্যাহার দেখিনি। কূটনৈতিক প্রচেষ্টার যে বার্তা দেওয়া হয়েছে, অবশ্যই এটি তার বিপরীত। আমরা দেখতে পাচ্ছি, সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে এবং আরও সেনারা পথে রয়েছে। তাই এখন পর্যন্ত উত্তেজনা কমেনি।’
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের সীমান্ত থেকে রুশ বাহিনী প্রত্যাহারের কোনও ঘটনা এখনও পর্যন্ত দৃশ্যমান হয়নি। বুধবার এক সামরিক প্রশিক্ষণস্থল থেকে বিবিসি-র সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘সত্যি বলতে আমরা আমাদের বাস্তবতার আলোকে প্রতিক্রিয়া ব্যক্ত করছি। আমরা এখনও কোনও প্রত্যাহার দেখতে পাচ্ছি না। আমরা শুধু এটা শুনেছি।’ তিনি বলেন, সামরিক উপস্থিতি যখন প্রত্যাহার করা হবে তখন সবাই তা দেখতে পাবে। কিন্তু আপাতত এটাই শুধু বিবৃতি।