উসকানিতে পা দেবে না ইউক্রেন: জেলেনস্কি

পূর্ব ডনবাস অঞ্চলে উসকানিতে পা দেবে না ইউক্রেন। শনিবার নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ভলোদিমির জেলেনস্কি বলেন, উসকানির জবাব দেওয়ার বদলে কূটনৈতিক উপায়ে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাসী ইউক্রেন।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে জেলেনস্কি বলেন, ‘আমরা উসকানিতে সাড়া দেই না এবং কূটনীতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করি।’

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে বিচ্ছিন্ন হওয়া ডনবাসের দুইটি অঞ্চল নিয়ন্ত্রণ করছে রুশপন্থী বিদ্রোহীরা। সেখানে স্বঘোষিত রাষ্ট্রও প্রতিষ্ঠা করেছে তারা। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) এই বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রিত এলাকার বেসামরিক বাসিন্দাদের রাশিয়ায় সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। ওই পরামর্শের পর ডনবাস থেকে আসা শরণার্থীদের আশ্রয়, খাবার ও নগদ ১০ হাজার রুবল (রুশ মুদ্রা) করে দিতে রুশ কর্মকর্তাদের নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্বঘোষিত ডনেটস্ক পিপল’স রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন বলেছেন, পূর্ব ইউক্রেন ছেড়ে যাওয়া মানুষদের আশ্রয়ের ব্যবস্থা করতে সম্মত হয়েছে রাশিয়া।

রাশিয়া এবং নিজ দেশের রুশপন্থী বিদ্রোহীদের এমন তৎপরতার মধ্যেই শনিবার উসকানিতে পা না দেওয়ার কথা জানান ভলোদিমির জেলেনস্কি।