পুতিন-বাইডেনের সম্মেলন এখনও চূড়ান্ত নয়: ক্রেমলিন

ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে সম্মেলনের চূড়ান্ত পরিকল্পনা এখনও নেওয়া হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, উত্তেজনার বাড়ার মধ্যেও কূটনৈতিক পর্যায়ের আলোচনা অব্যাহত আছে।

ক্রেমলিনের মুখপাত্র আরও জানান, পুতিন ও বাইডেন যেকোনও সময়ে ফোন কল বা বৈঠকে বসতে পারেন, তবে সম্মেলনের জন্য এখনও কোনও চূড়ান্ত পরিকল্পনা হয়নি।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় এলিসি প্রাসাদ জানায়, শীর্ষ সম্মেলনে বসতে নীতিগতভাবে সম্মত হয়েছেন জো বাইডেন ও ভ্লাদিমির পুতিন। দুই নেতার সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে আলাপ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এরপরই বিবৃতিতে জানায় ম্যাক্রোঁর কার্যালয়। 

তবে হোয়াইট হাউজ জানায়, রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ করে এমন বৈঠকে বসা অসম্ভব বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু মাত্র হামলা না করলেই আলোচনা সম্ভব।

সূত্র: আল জাজিরা।