ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অঞ্চলে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার ডোনেস্ক শহরের প্রাণকেন্দ্রে এসব বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রতিনিধি।
বিস্ফোরণের কারণ সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। তবে একটি কূটনৈতিক সূত্র রয়টার্সকে এর আগে জানিয়েছিলেন, সংযোগ রেখায় সরকার ও বিচ্ছিন্নতাবাদী বাহিনীর মধ্যে গোলা বিনিময় পুনরায় শুরু হয়েছে।
সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের স্বাধীনতাকে স্বীকৃতি দেন। এরপর গভীর রাতে পুতিন ডিক্রিতে স্বাক্ষর করার পরপরই সাঁজোয়া যানের বহরকে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অঞ্চল প্রদক্ষিণ করতে দেখা গেছে। তবে এই বহর রাশিয়ান কিনা, সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সীমান্তে রুশ সেনা সমাবেশের কারণে ইউক্রেনে আক্রমণের আশঙ্কার মধ্যেই পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকায় সম্প্রতি সংঘাত বেড়েছে। ইউক্রেনীয় সেনা ও বিদ্রোহীরা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি গোলাবর্ষণের অভিযোগ করে আসছে।