বেসামরিক নাগরিকদের আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি সংক্রান্ত একটি খসড়া আইনের পক্ষে ভোট দিয়েছে ইউক্রেনের পার্লামেন্ট। এতে আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
খসড়া আইনটির প্রণেতারা বলছেন, সম্পূর্ণরূপে রাষ্ট্র ও সমাজের স্বার্থে এটি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইউক্রেনের নাগরিকদের ওপর বিদ্যমান হুমকি ও বিপদের কারণে এমন আইনের প্রয়োজন ছিল।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুইটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং সেখানে রুশ বাহিনী মোতায়েনের ঘোষণার পর এই পদক্ষেপ নিলো ইউক্রেনের পার্লামেন্ট। মঙ্গলবার রাশিয়ার আইনপ্রণেতারা অনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পুতিনকে দেশের বাইরে সামরিক বাহিনী ব্যবহারের অনুমোদন দিয়েছেন।
উদ্ভূত পরিস্থিতিতে আগামী দিনগুলোতে সংঘাত তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেন সীমান্তে জড়ো করা রুশ বাহিনীর এক লাখ ৯০ সদস্যকে এখনও সরানোর নির্দেশ দেননি পুতিন। এরমধ্যেই ইউক্রেনীয় ভূখণ্ডে রুশ বাহিনী মোতায়েনের ঘটনায় নতুন করে আরও উদ্বেগ তৈরি হয়েছে।