ইউক্রেনের সামরিক গোয়েন্দা কার্যালয় থেকে উড়ছে কালো ধোঁয়া

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সদর দফতর থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। রাজধানী কিয়েভের মধ্যাঞ্চলে অবস্থিত ভবনটি থেকে ধোঁয়া উড়তে দেখা গেলেও পুরো ভবনটি অক্ষত রয়েছে বলেই মনে হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদক ঘটনাস্থল থেকে এই তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপরই ইউক্রেনের কর্মকর্তারা জানান, তাদের দেশের সামরিক কমান্ড সেন্টারগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রুশ বাহিনী।

রয়টার্সের খবরে বলা হয়েছে, সামরিক গোয়েন্দা সদর দফতর ভবন ক্ষতিগ্রস্ত হয়নি। সম্ভবত ভবনের পাশে জ্বালানো বড় আগুন থেকে এই ধোঁয়া উড়তে দেখা গেছে। সাদা পোশাকের কিছু মানুষকে ওই আগুনে ব্যাগ ফেলতে দেখা গেছে।

কিয়েভ থেকে কিছুটা দূরের ব্রোভারি শহর কর্তৃপক্ষ জানিয়েছে, একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় সেখানে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে।