রুশ হামলায় ন্যাটো ও পশ্চিমাদের প্রতিক্রিয়া দৃঢ় ছিল না: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ঘটনায় ন্যাটো জোট ও পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া দৃঢ় ছিল না। শুক্রবার তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এরদোয়ান আশা করেন, শুক্রবার ন্যাটোর যে সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে জোটের পক্ষ থেকে আরও দৃঢ় পদক্ষেপ হয়তো নেওয়া হবে।

শুক্রবার ইস্তানবুলে জুমার নামাজ শেষে এরদোয়ান বলেন, এই প্রতিক্রিয়া সাধারণ নিন্দার ঝড়ে পরিণত হওয়া উচিত হয়নি। ন্যাটোর উচিত আরও দৃঢ় পদক্ষেপ নেওয়া।

এর আগে বৃহস্পতিবার ইউক্রেনে পূর্ণমাত্রায় রাশিয়ার সামরিক অভিযানকে শান্তির ওপর বড় আঘাত বর্ণনা করে নিন্দা জানান এরদোয়ান। টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, আমরা রাশিয়ার সামরিক অভিযান প্রত্যাখ্যান করি। এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। যা এই অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতার ওপর একটা বড় আঘাত।