সকাল ঘনিয়ে আসতে থাকার মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে তীব্র লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়েছে শহরের ভ্যাসিলকিভ এলাকায় ‘তীব্র লড়াই চলছে’।
ওই পোস্টে বলা হয়, রাজধানীর পথে পথে এখন সক্রিয় যুদ্ধ চলছে। এর আগে কিয়েভ সরকারও এক বিবৃতিতে কিয়েভে লড়াইয়ের খবর নিশ্চিত করেছে। বাসিন্দাদের আশ্রয়কেন্দে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জানালা কিংবা বারান্দায় দাঁড়িয়ে না থাকার কথাও বলা হয়েছে।
কিয়েভে অবস্থানকারী সাংবাদিকেরাও সোস্যাল মিডিয়ার পোস্টে রাস্তায় লড়াই ছড়িয়ে পড়ার কথা নিশ্চিত করেছেন। অনেকেই শহরের কেন্দ্রস্থলের কাছে বড় বিস্ফোরণ ও গুলির শব্দ এগিয়ে আসার খবর জানাচ্ছেন।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে, তাদের সেনারা দিনের বেলায় রুশ বাহিনীর বেশ কয়েকটি টার্গেট ধ্বংস করেছে। এছাড়া ইউক্রেনের শহর রুশ বাহিনীর দখলে যাওয়া থেকেও রক্ষা করেছে তারা।
সূত্র: বিবিসি