তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব শনিবার ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিনে এই ফোনালাপ অনুষ্ঠিত হলো। এসময় জেলেনস্কিকে তুর্কি প্রেসিডেন্ট জানিয়েছেন, অবিলম্বে যুদ্ধবিরতির জন্য কাজ করছে তুরস্ক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে রুশ হামলায় নিহত ইউক্রেনীয়দের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এরদোয়ান।
এর আগে শনিবার তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে হামলা থামাতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক।
এতে বলা হয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনে কথা বলেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি হামলা বন্ধের আহ্বান জানান।