কিয়েভে কারফিউ জারি

ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত বিরতিহীন কারফিউ জারি করা হয়েছে। শনিবার শহরের মেয়র ভিটালি ক্লিটসকো এ ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

আগেই প্রতিদিন বিকাল ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কিয়েভে কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়েছিল। এর মধ্যেই শনিবার মেয়রের বিবৃতিতে ‘রাজধানীর আরও কার্যকর প্রতিরক্ষা এবং বাসিন্দাদের নিরাপত্তার জন্য’ ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পূর্ণকালীন কারফিউর ঘোষণা দেন।

এদিকে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে শনিবার যুক্তরাজ্য জানিয়েছে, কিয়েভের কেন্দ্রস্থল থেকে মাত্র ১৮.৬ মাইল (৩০ কিলোমিটার) দূরে রয়েছে রুশ বাহিনী। ব্রিটিশ প্রতিরক্ষা দফতরের হালনাগাদ আপডেটে বলা হয়েছে, রাশিয়া এখনও ইউক্রেনের আকাশসীমার নিয়ন্ত্রণ নিতে পারেনি। এটি রুশ বিমান বাহিনীর কার্যকারিতা ব্যাপকভাবে কমিয়ে দিচ্ছে।

ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী সারা দেশে কঠোর প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার তার সর্বশেষ ভিডিও বার্তায় নাগরিকদের রাজধানী কিয়েভ এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং লড়াই অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন।