রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে পুরো দুনিয়ার মানুষের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। রবিবার এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ আহ্বান জানান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
ভলোদিমির জেলেনস্কি বলেন, বেসামরিক মানুষকে হত্যা করছে রুশ বাহিনী। তবে নিজেদের রক্ষায় ইউক্রেনের মানুষ যে সাহস দেখিয়েছে সেটি প্রশংসার দাবিদার।
তিনি বলেন, ‘ইউক্রেনীয়রা তাদের মাতৃভূমিকে রক্ষা এবং রাশিয়ার আক্রমণ থেকে ইউরোপ এবং এর মূল্যবোধকে রক্ষার সাহস দেখিয়েছে। এটি কেবল ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নয়, এটি ইউরোপ, ইউরোপীয় কাঠামো, গণতন্ত্র, মৌলিক মানবাধিকার এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বিরুদ্ধে যুদ্ধের সূচনা।’
‘দুনিয়ার সব নাগরিক, ইউক্রেন এবং শান্তি ও গণতন্ত্রের বন্ধুদের উদ্দেশে’ জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন, ইউরোপ এবং বিশ্বের প্রতিরক্ষায় যোগদানে আগ্রহী যে কেউ এসে রাশিয়ার যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ইউক্রেনীয়দের সঙ্গে কাঁধে কাঁধ রেখে লড়াই করতে পারেন।’
বিবৃতিতে ইউক্রেনের লড়াইয়ে যোগদানে আগ্রহীদের নিজ নিজ দেশের ইউক্রেন দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।