ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত দেশটি ছেড়ে পালিয়েছে প্রায় চার লাখ ইউক্রেনীয়। ভিনদেশে শরণার্থীর জীবন বেছে নিয়েছে তারা। রবিবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
টুইটারে সংস্থাটির ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত মোট তিন লাখ ৬৮ হাজার ইউক্রেনীয় দেশ ছেড়েছে। এ সংখ্যা আরও বাড়ছে।
বিদ্যমান যুদ্ধাবস্থার কারণে দেশ ছেড়ে পালাতে বিপুল সংখ্যক মানুষ সীমান্ত এলাকার দিকে যাত্রা করছে। এর পাশাপাশি আগ্রাসী শক্তিকে প্রতিরোধের লড়াইয়ে নেমে পড়েছে অনেকে।
কিয়েভ অভিমুখে রুশ বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে বিভিন্ন স্থানে ব্যারিকেড তৈরি করা হয়েছে। পিস্তল, ছুরি কিংবা হাতুড়ি যে যা পেরেছেন তাই নিয়ে হাজির হয়েছেন লোকজন হাজির হয়েছেন এসব ব্যারিকেডে। বালুভর্তি বস্তা, কাঠের বাক্স ও ইট স্তূপ করে এসব স্থানে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে ইউক্রেনের জাতীয় পতাকা।