রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পশ্চিমাদের জারি করা নিষেধাজ্ঞা ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার পরিকল্পনা রয়েছে রাশিয়ার। সোমবার এক কনফারেন্স কলে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
পেসকভ বলেন, রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা কঠোর। কিন্তু এই ক্ষতি কাটিয়ে উঠার জন্য আমাদের দেশের সম্ভাব্য সক্ষমতা রয়েছে।
তিনি আরও বলেন, আজ পুতিন অর্থনৈতিক বিষয়ে কাজ করবেন। অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরসহ গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পশ্চিমের আর্থিক বাজার থেকে রাশিয়াকে বাদ দেওয়া এবং রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক, রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে লেনদেন বন্ধের পর ক্রেমলিন এই প্রতিক্রিয়া জানালো।
পশ্চিমাদের এসব নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার ৯.৫ শতাংশ থেকে ২০ শতাংশে বাড়াতে হয়েছে। মার্কিন ডলারের বিপরীতে রাশিয়ার রুবলের নাটকীয় দরপতন ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রুবলের দরপতন হলে রাশিয়ার ক্রয়ক্ষমতা কমবে এবং সাধারণ রুশ জনগণের সঞ্চয় নষ্ট হতে পারে।