রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের ওপর ধরপাকড় অব্যাহত

রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের ওপর ধরপাকড় অব্যাহত রেখেছে দেশটির কর্তৃপক্ষ। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ছয় হাজার বিক্ষোভকারীকে আটক করেছে কর্তৃপক্ষ। স্বতন্ত্র পর্যবেক্ষণ সংস্থা ওভিডি-ইনফোর বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

ওভিডি-ইনফো জানিয়েছে, রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন থেকে ইউক্রেনে হামলার নির্দেশ দেওয়ার পর থেকে এ পর্যন্ত দেশজুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার ঘটনায় মোট পাঁচ হাজার ৯৪২ জনকে আটক করেছে কর্তৃপক্ষ।

হালনাগাদ তথ্য অনুযায়ী, রবিবার সারা দেশে ৫৭টি শহরে অনুমোদনহীন বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে দুই হাজার ৮০২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র মস্কোতেই এক হাজার ২৭৫ জনকে আটক করা হয়েছে।

রাশিয়ার আইন অনুযায়ী, বড় ধরনের বিক্ষোভের অনুমতির জন্য প্রতিবাদকারীদের আবেদন করতে হয়। বিনা অনুমতিতে এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বড় ধরনের জরিমানা, এমনকি কিছু ক্ষেত্রে এমনকি কারাগারে পাঠানোরও বিধান রয়েছে।