ইউক্রেনে রুশ প্লেনের জন্য ‘নো ফ্লাই জোন’ তৈরির কথা বিবেচনা করতে পশ্চিমাদের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে মস্কো বোমা হামলা শুরু করলে এই আহ্বান জানান জেলেনস্কি।
ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর ক্রমেই জোরালো হচ্ছে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা। সোমবার দুই পক্ষের মধ্যে কয়েক ঘণ্টার আলোচনা যুদ্ধ থামানোর কোনও সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়া ১৪ লাখ মানুষের শহর খারকিভে হামলা চালিয়ে, শিশুসহ বেসামরিক মানুষ হত্যা করেছে। এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, এখন ইউক্রেনের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র, প্লেন এবং হেলিকপ্টার ঠেকানোর সময়।
জেলেনস্কি বলেন, ‘ন্যায্য আলোচনা তখনই হতে পারে যখন এক পক্ষ অপর পক্ষকে আলোচনার মধ্যে রকেট হামলা চালাবে না।’ তবে নো-ফ্লাই জোন কিভাবে এবং কে কার্যকর করবে তা স্পষ্ট করেননি তিনি।
রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, বিশ্বের সবচেয়ে বড় দুই পারমাণবিক শক্তির মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন পিসাকি সাংবাদিকদের বলেছেন, ‘নো-ফ্লাই জোন বাস্তবায়নের বিষয়।’ ‘এই ধরনের পদক্ষেপ নিতে মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন পড়বে যাতে হয়তো সরাসরি সংঘাতের আশঙ্কা, রাশিয়ার সঙ্গে যুদ্ধের আশঙ্কা তৈরি হবে। এটা আমাদের পরিকল্পনায় নেই’, বলেন তিনি।
সূত্র: রয়টার্স