খারকিভের কেন্দ্রে রুশ বাহিনীর হামলা

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে রুশ বাহিনী। মঙ্গলবার সকালে শহরটির কেন্দ্রস্থলে ফ্রিডম চত্বরে অবস্থিত সরকারি কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইউক্রেনীয় সোস্যাল মিডিয়া চ্যানেলের ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, আঞ্চলিক রাজ্য প্রশাসনের ভবনের সামনে আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্র। এতে বিশাল, তীব্র বিস্ফোরণে জানালার কাঁচ এবং আশেপাড়ের গাড়ি উড়ে যায়।

বিস্ফোরণের পরে ধারণ করা ভিডিওতে দেখা গেছে শহরের চত্বরে পুড়ে যাওয়া গাড়ি ও ধ্বংসস্তুপ পড়ে রয়েছে। স্থানীয় সময় সকাল আটটার দিকে এই ক্ষেপণাস্ত্র হামলা হয়। তবে এখন পর্যন্ত হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।

উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিবে গত কয়েক দিন ধরে তুমুল লড়াই ও আকাশ থেকে বোমাবর্ষণ প্রত্যক্ষ করছে। এটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। সেখানে প্রায় ১৬ লাখ মানুষের বাস।

সূত্র: বিবিসি