রুশ বাহিনী ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহর দখল করে নিয়েছে বলে আগেই জানা গেছে। তবে শহরের বর্তমান পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সড়কে টহল দিচ্ছে রুশ বাহিনী।
খেরসনের মেয়র ইগোর কোলিখায়েভ স্থানীয় রেডিও স্টেশনকে বলেছেন, রুশ বাহিনী মঙ্গলবার রাতে শহরের রেলওয়ে স্টেশন এবং বন্দর দখল করে নিয়েছে। তিনি বলেন, ‘এখন লড়াই চলছে এবং আমাদের শহর দখলদারদের অধীনে।’
মেয়র জানান, ইউক্রেনীয় সেনা এবং বেসামরিকসহ বহু মানুষ নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা মানুষের শহর ত্যাগ কিংবা আশ্রয় নেওয়া নিশ্চিত করার চেষ্টা করছেন। শহরে রুশ বাহিনীর টহল এবং গোলাবর্ষণের একটি ভিডিও প্রকাশ করেছে বিবিসির রুশ ভাষার সার্ভিস।
প্রায় তিন লাখ মানুষের শহর খেরসন। এটি মিকোলাইভ এবং নিউ কাখোবকা শহরের মধ্যে অবস্থিত।
রাশিয়ার শক্তিশালী সেনাবাহিনী এখন পর্যন্ত দক্ষিণ দিক দিয়ে অগ্রসর হয়েছে। ক্রিমিয়া থেকে প্রবেশ করা রুশ বাহিনী ওদেসা এবং মিকোলাইভসহ বেশ কয়েকটি ইউক্রেনীয় শহর লক্ষ্যবস্তু বানিয়েছে।
মিকোলাইভের কর্মকর্তারা দাবি করেছেন শহরের নিয়ন্ত্রণ এখনও ইউক্রেনীয়দের হাতে রয়েছে।
সূত্র: বিবিসি