‘তারা বোমা মেরে আমাদের ছাই করে দেবে’

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে হামলা চালিয়েছে রাশিয়া। সেখানে রুশ বিমান থেকে বোমাবর্ষণ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য চেয়েছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

শহরের কেন্দ্রস্থলে বসবাসকারী গ্লিব মাজেপা চান, ন্যাটো যেন ইউক্রেনে নো ফ্লাই জোন কার্যকর করে। তার ভাষায়, ‘অনুগ্রহ করে রুশ ক্ষেপণাস্ত্র এবং রাশিয়ান বিমানের জন্য আকাশসীমা বন্ধ করুন। কারণ, তারা বোমা মেরে পুরো শহরকে ছাই করে দেবে।’

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, বুধবার সকালে রাশিয়ার গোলাবর্ষণে সেখানে চার জন নিহত হয়েছেন।

গ্লিব মাজেপা জানান, বোটানিকনি সাদ মেট্রো স্টেশনের কাছে দুটি বাড়িতে বিমান হামলা চালানো হয়েছে।

আগের দিন খারকিভের স্বাধীনতা স্কয়ারে রকেট হামলার মুহূর্তটির কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, ‘আমাদের মাথার ওপর একটা বাঁশির আওয়াজ হলো। তারপর বুম।’

এদিকে যুদ্ধের বিরুদ্ধে আওয়াজ তোলায় রাশিয়ায় কয়েকজন শিশুকে আটকের খবর পাওয়া গেছে। আটকের পর প্রথমে তাদের পুলিশ ভ্যানে তোলা হয়, পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কারাগারে বন্দি করে। এই শিশুরা মস্কোর ইউক্রেন দূতাবাসে শ্রদ্ধাঞ্জলি হিসেবে ফুল দিতে চেয়েছিল। তাদের সঙ্গে ছিল একটি পোস্টার, যাতে লেখা ‘যুদ্ধ নয়’, ‘যুদ্ধ থামান’।