হোস্টোমেলে রাশিয়ার ২০ সামরিক যান ধ্বংসের দাবি ইউক্রেনের

ইউক্রেনের হোস্টোমেল বিমান ঘাঁটি সংলগ্ন এলাকায় রাশিয়ার ২০টি সামরিক যান ধ্বংস করে দেওয়া হয়েছে। এমন দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিজেদের দাবির সমর্থনে সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পোস্ট করেছে তারা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওগুলোতে দেখা যায়, ইউক্রেনীয় সেনারা ক্ষতিগ্রস্ত এবং জ্বলন্ত যানবাহনের পাশ দিয়ে হাঁটছে। গাড়িগুলোকে ভিক্টরি চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়। এর মাধ্যমে বোঝানো হয়েছে, এই সামরিক যানগুলোতে করে রুশ সেনারা বেলারুশ থেকে ইউক্রেনে প্রবেশ করেছে।

টুইটারে দেওয়া পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘বিশেষ বাহিনী হোস্টোমেলে শত্রুর ২০টি যুদ্ধ যান ধ্বংস করেছে।’