ইউক্রেনের সবচেয়ে বড় জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়্ন্ত্রণে আনার দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় জরুরি পরিষেবা। এতে কোনও হতাহত হয়নি বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। আগুন নিয়ন্ত্রণে আসাকে সবার জন্য স্বস্তি বলছেন কর্তৃপক্ষ।
শুক্রবার দেশটির সরকার জানায়, রুশ বাহিনী ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্থাপনায় হামলা চালায়। শুক্রবার ২টা ৩০ মিনেটের দিকে আগুন লেগে যায়। তখন আশঙ্কা করা হচ্ছিল, আগুন দ্রুত নেভানো না গেলে ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে।
ইউক্রেনের জরুরি পরিষেবাগুলো প্রথমে অভিযাগ করে, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছাতে গেলে তাতে বাঁধা দেয় রুশ বাহিনী। পরবর্তীতে স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল বাহিনী। জরুরি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর ৬টা ২০-এর দিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এর আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, ‘ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে রাশিয়ার সেনারা চারদিক থেকে গুলি চালিয়েছে। গোলাবর্ষণের কারণে প্ল্যান্টে আগুন লাগে। এ হামলায় রাশিয়াকে অভিযুক্ত করে শুক্রবার জেলেনস্কি বলেন, জাপোরিজ্জিয়া বিদ্যুৎকেন্দ্রের প্ল্যান্টের চুল্লিতে আঘাত হানে রুশ সেনারা। রাশিয়া চেরনোবিল বিপর্যয়ের পুনরাবৃত্তি চায়।
নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের অনেক দেশ। ইউক্রেনে অবিলম্বে রুশ আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
সূত্র: বিবিসি।