যুদ্ধ করতে দেশে ফিরেছে ৬৬ হাজার ইউক্রেনীয়: প্রতিরক্ষামন্ত্রী

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে বিভিন্ন দেশ থেকে ৬৬ হাজার ২২৪ জন ইউক্রেনীয় নাগরিক ফিরে এসেছেন। শনিবার তিনি এই তথ্য জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

অনলাইনে একটি পোস্টে রেজনিকভ বলেন, এভাবে বিদেশ থেকে আমাদের মানুষেরা ফিরে আসছেন। তারা নিজেদের দেশকে রক্ষায় লড়াই করবেন। এই মানুষদের নিয়ে ১২টি লড়াইয়ের ব্রিগেড তৈরি হবে।

তিনি আরও বলেন, ইউক্রেনীয় জনগণ, আমরা অদৃশ্য!

এদিকে, রাশিয়ার আক্রমণ শুরুর পর জীবন বাঁচাতে নিজ দেশ ছাড়ছেন অনেক ইউক্রেনীয়। সীমান্ত দিয়ে পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়ায় ঢুকছেন ইউক্রেনের শরণার্থীরা। জাতিসংঘ জানিয়েছে, রাশিয়ার সামরিক অভিযানের শুরুর পর এ পর্যন্ত ইউক্রেন ছাড়তে বাধ্য হয়েছে ১২ লাখের বেশি শরণার্থী।