রাশিয়া স্কুল ও হাসপাতালে হামলা চালাচ্ছে: ইউক্রেন

রুশ বাহিনী হাসপাতাল, নার্সারি এবং স্কুলসহ ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা। তিনি দাবি করেন ইউক্রেনীয় সেনাবাহিনীর ‘প্রবল প্রতিরোধের’ মুখে পড়ে রাশিয়া বেসামরিক নাগরিকদের ওপর ‘ব্যাপক অভিযান’ চালাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব অভিযোগ করেন তিনি।

রবিবার একদিনেই রুশ বাহিনীর বোমাবর্ষণে চার সদস্যের একটি পরিবার নিহত হয়েছে। ইরপিন শহরের সংঘাত ছেড়ে পালানোর সময় তাদের ওপর বোমাবর্ষণ করা হয়। এছাড়া বন্দরনগরী মারিয়োপোলে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কর্মসূচি স্থগিত করা হয়েছে। শহরটিতে বর্তমানে পাঁচদিন ধরে বিদ্যুৎ, পানি ও খাবার সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত শেষ হয়ে যাচ্ছে মজুত রাখা খাবার ও পানি।

শহর কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ বোমা হামলা বেড়ে যাওয়ায় বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে হামলার জন্য ইউক্রেনীয় বাহিনীকে দায়ী করেছে রুশ বাহিনী।

রবিবার বিবিসি টেলিভিশনের সকালের অনুষ্ঠানে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা রাশিয়াকে ‘সন্ত্রাসী পরিকল্পনা’ বাস্তবায়নে অভিযুক্ত করেন। তিনি দাবি করেন, আকাশ এবং ভূমি থেকে এসব হামলা চালানো হচ্ছে।

ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী বলেন, ‘হাসপাতালে বোমা পড়ছে, কিন্ডারগার্টেন এবং স্কুলে বোমা পড়ছে, সাধারণ বাড়িতেও বোমা পড়ছে। বাস্তবতা এমনই দেখা যাচ্ছে।’ তিনি বলেন, ‘রাশিয়ান ফেডারেশনের সন্ত্রাসী পরিকল্পনা প্রয়োগের আরেকটি ঢেউ’ প্রত্যক্ষ করছে ইউক্রেন।

ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী দাবি করেন, রাশিয়া বিপুল পরিমাণ সেনা ও সরঞ্জামের ক্ষতি ভোগ করেছে তবে এতে রাশিয়া হামলা থেকে বিরত থাকবে না। তিনি বলেন, ‘এতে কেবলই আরও আগ্রাসন উৎসাহ পাবে।’

সূত্র: বিবিসি