রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, চলতে থাকা আগ্রাসনে প্রমাণ হয়েছে, ‘ইউক্রেনের বিরুদ্ধে পরিকল্পনা বাদ দেয়নি রাশিয়া।’ আর সে কারণেই নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
রাশিয়ার তেল ও জ্বালানি পণ্য রফতানি বয়কটের প্রস্তাব দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে রাশিয়ার রফতানি করা সব ধরনের পণ্য বর্জনের ডাক দেন তিনি।
ইউক্রেনে আগ্রাসন চালানোর জেরে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো ইতোমধ্যে যে পরিমাণ নিষেধাজ্ঞা আরোপ করেছে, আগে তা কোনও বড় অর্থনৈতিক শক্তির ক্ষেত্রে দেখা যায়নি।
জেলেনস্কি বলেন, অর্থনৈতিক চাপ আরও বাড়ানো প্রয়োজন। রাশিয়ার ওপর আন্তর্জাতিক বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
রাশিয়ার তেল এবং জ্বালানি পণ্য বর্জনের কথা উল্লেখ করে ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘আগ্রাসন যদি চলতেই থাকে আর রাশিয়া যদি ইউক্রেনের বিরুদ্ধে তাদের পরিকল্পনা বাদ না দেয়, তাহলে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ প্রয়োজন...শান্তির জন্য।’
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার পণ্য আমদানি বর্জন করুন... তারা যদি সভ্যতার নিয়ম না মানে, তাহলে তাদের সভ্যতার পণ্য এবং সেবা পাওয়া উচিত নয়, তাদের যুদ্ধই খেতে দিন।’
সূত্র: বিবিসি, রয়টার্স