সামি শহর ছাড়তে শুরু করবেন বেসামরিকেরা: ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী

রুশ বাহিনীর অবরোধে থাকা শহর সামি থেকে বেসামরিক নাগরিকেরা সরে যাওয়া শুরু করবেন বলে জানিয়েছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরাইনা ভেরেশচুক। তিনি জানান, মানবিক করিডর স্থাপনে রাশিয়ার সঙ্গে এক চুক্তির আওতায় মঙ্গলবার শহরটি থেকে বেসামরিক নাগরিকেরা সরে যাওয়া শুরু করবেন।

টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরাইনা ভেরেশচুক বলেন, ‘সামি শহর থেকে প্রথম বহরটি সকাল দশটায় ছেড়ে যাবে বলে সম্মত হওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা ব্যক্তিগত গাড়িতে এই বহর অনুসরণ করবে।’

গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে আগ্রাসন শুরু করলে যুদ্ধের মধ্যে আটকে পড়লে বেসামরিক নাগরিকেরা। ইউক্রেনে নিজেদের পদক্ষেপকে ‘বিশেষ সামরিক অভিযান’ আখ্যা দিয়েছে মস্কো।

রাশিয়ার বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, সামি এবং মারিয়োপোল শহরের বাসিন্দাদের ইউক্রেনের অন্য এলাকায় সরে যাওয়ার প্রস্তাব দিয়েছে মস্কো।

রাশিয়া অন্য যেসব মানবিক করিডরের প্রস্তাব দিয়েছে সেগুলো দিয়ে বেসামরিক ইউক্রেনীয়দের রাশিয়া কিংবা বেলারুশে সরে যেতে বলা হয়েছে। তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষ রাশিয়ার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

সূত্র: রয়টার্স