১২ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে: দাবি ইউক্রেনের

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত ১২ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে। মঙ্গলবার এমন দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

ইউক্রেনীয় বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, ৪৮টি রাশিয়ান বিমান, ৮০টি হেলিকপ্টার, ৩০৩টি ট্যাংক, এক হাজার ৩৬টি সাঁজোয়া যান, ১২০টি কামান, ৫৬টি রকেট লঞ্চার সিস্টেম এবং ২৭টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনীয় বাহিনীর এমন দাবির সত্যতা অবশ্য স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশে চলমান রুশ আগ্রাসনে তিনি ভীত নন। দেশ ছেড়েও কোথাও পালিয়ে যাচ্ছেন না তিনি। সোমবার রাতে এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন তিনি। তবে এবারের ভিডিওটি করা হয়েছে কিয়েভে তার প্রেসিডেন্ট কার্যালয় থেকে।

বিবিসি জানিয়েছে, জেলেনস্কি তার দফতর থেকে এই বার্তা দেওয়ার মাধ্যমে দেখাতে চেয়েছেন, রুশ আগ্রাসনের মুখেও ইউক্রেনের সামরিক বাহিনী রাজধানী কিয়েভকে শক্তভাবে রক্ষা করতে সক্ষম।